পরীক্ষাপদ্ধতি এবং অ্যাকাডেমিক সংস্কারসহ ৭ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের একাংশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্লাস-পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। তবে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিতে দেখা যায়।
গতকাল রবিবার সকাল ১০টায় ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের কাছে ৭ দফা সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ সেখানে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিল থেকে সিদ্ধান্ত নিয়ে অফিস আদেশ আসবে বলে প্রশাসন থেকে জানানো হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।