সাবেক এমপি শাহীন চাকলাদারের দুর্নীতির অনুসন্ধান

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর আলোচিত সাবেক সংসদ সদস্য (এমপি) শাহীন চাকলাদারসহ তিনজনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য দুজন হলেন নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম এবং রংপুরের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

গতকাল রোববার দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের কাছে অভিযোগে বলা হয়, শাহীন চাকলাদার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নামে যশোর চিত্রার মোড়ে যাবির ইন্টারন্যাশনাল নামে ২২-তলাবিশিষ্ট পাঁচ তারকা হোটেল এবং কাঁঠালতলায় হোয়াইট হাউজ নামে অট্টালিকা রয়েছে। তিনি নিজ ও আত্মীয়স্বজনের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে আসে।

নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে ১৬ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৭৯ টাকার অস্থাবর সম্পদ এবং তার স্ত্রীর নামে ৩ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৫৫ টাকার অস্থাবর সম্পদ এবং ২ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পদসহ ২২ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৭৩৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।