নিখোঁজের ৪ দিন পর মেয়ের লাশ পেল পুলিশ পরিবার

গাজীপুরের কালিয়াকৈরে এক পুলিশ সদস্যের নিখোঁজ মেয়ের লাশ সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজের চার দিন পর গতকাল রবিবার সন্ধ্যায় মর্গ থেকে মেয়ের লাশ পেল পুলিশ পরিবার। লাশ বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত হলো কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার মোশারফ হোসেনের পাঁচ বছরের মেয়ে মরিয়ম আক্তার।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়মের বাবা মোশারফ হোসেন একজন পুলিশের এসআই। তিনি সম্প্রতি টাঙ্গাইল থেকে মুন্সীগঞ্জে বদলি হয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ওই পুলিশের মেয়ে মরিয়ম তার দাদার সঙ্গে বাড়ির উঠোনে খেলছিল। হঠাৎ করেই পাঁচ মিনিটের ব্যবধানে চোখের পলকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা মোশারফ হোসেন বাদী হয়ে ওইদিনই কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পাশেই ঘাটাখালী নদী থাকায় পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে মরিয়মের ছবিসহ তার নিখোঁজের সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় বংশাই নদীতে এক লাশ ভাসতে দেখে নৌপুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে আমিনবাজার নৌপুলিশ অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করে। পরে নৌপুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরিয়মের লাশ শনাক্ত করেন। পরে নিখোঁজের চার দিন পর গতকাল সন্ধ্যায় মর্গ থেকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আমিনবাজার নৌপুলিশ ফাঁড়ির এসআই রাকিব উদ্দিন ভুঁইয়া জানান, গত ২০ সেপ্টেম্বর নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠাই। গতকাল আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।