অটোপাস দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান

সেশনজটের কারণে তিন বছরের ডিগ্রি ছয় বছরে রূপান্তর করা এবং অটোপাসের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ডিগ্রির শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালন শেষে তারা ভিসি বরাবর একটি স্মারকলিপি দেন। তাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশ ও দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। ডিগ্রি কোর্স সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ছয়-সাত বছরেও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ শেষ হয়নি। বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের সাধারণ শিক্ষার্থীরা।