নিউজিল্যান্ডকে হারাতে মাত্র ‌‌১৫ মিনিট লাগল শ্রীলঙ্কার

গল টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচে তুমুল রোমাঞ্চ। কী হবে পঞ্চম তথা শেষ দিন? জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৬৮ রান আর শ্রীলঙ্কার প্রয়োজন ২ উইকেট। ৯১ রান অপরাজিত আছেন রাচিন রবীন্দ্র। কিন্তু তারপরও কিউইদের টেস্ট জেতা হলো না। প্রভাত জয়াসুরিয়ার ঘূর্ণিতে শেষ দিন মাত্র ১৫ মিনিটেই ৬৩ রানের জয় তুলে নিল স্বাগতিক শ্রীলঙ্কা।

আজ সোমবার ম্যাচের পঞ্চম দিন সকালে যথাসময়েই খেলা শুরু হয়েছিল। কিন্তু মাত্র ১৫ মিনিট আর ২২ বলের মাঝেই নিউজিল্যান্ডের লড়াই শেষ হয়ে যাবে- তা কে জানত? বল হাতে ঘূর্ণিঝড় তুললেন জয়াসুরিয়া। গতকাল চতুর্থ দিন নিয়েছিলেন ৩ উইকেট, আজ বাকি দুই উইকেট তুলে কিউইদের ধসিয়ে দিলেন একাই। ১৬৮ বলে ৯ চার ১ ছক্কায় ৯২ রান করে আউট হন রাচিন।

এরপর উইলিয়াম ও’রোর্ক (০) বোল্ড হতেই জয়ের আনন্দে মেতে ওঠে শ্রীলঙ্কা। ৩০.৪ ওভার বোলিং করে ৭ মেডেনসহ মাত্র ৬৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন জয়াসুরিয়া। এছাড়া রমেশ মেন্ডিস নেন ৬৮ রানে ৩টি। কিউইদের প্রথম ইনিংসেও ৪০ ওভার বোলিং করে ১৩৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন জয়াসুরিয়া। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়ায় অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে।

উল্লেখ্য, গল টেস্টের প্রথম ইনিংসে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৩০৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে কিউইরা প্রথম ইনিংসে ৩৪০ রান তুলে লিড নেয়। দ্বিতীয় ইনিংসে তিন ফিফটিতে লঙ্কানরা ৩০৯ রান তুললে জয়ের জন্য কিউইদের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রানের। সেই লক্ষ্য তাড়ায় তাদের দ্বিতীয় ইনিংস ২১১ রানেই থেমে যায়।