দেশের মাটিতে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখছেন না নাফিস

মেজর লিগ ক্রিকেটে খেলতে গেল জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। এমএলসিতে খেলার পর সাকিব খেলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। পাকিস্তান সফর শেষ করে সবাই দেশে ফিরলেও সাকিব সারের হয়ে কাউন্টি ক্রিকেট ম্যাচ খেলেন ইংল্যান্ডে। সেখান থেকেই ভারতে যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। শেখ হাসিনার পদত্যাগের পর সাকিবকে হত্যা মামলার আসামী করা হয়। সবশেষ নির্বাচনে সাকিব নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন। মামলা হওয়ায় সাকিব দেশে আসতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় আছে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিবের না খেলার কোন কারণ দেখছেন না শাহরিয়ার নাফিস।

বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জ নাফিস গণমাধ্যমকে বলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে স্পষ্ট বার্তা আছে, যেই মামলাগুলো হয়েছে, এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা সুস্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে। চোটজনিত ও সিলেকশনজনিত কোনো সমস্যা যদি না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, এতে সাকিবের না খেলার কোনো কারণ আমি দেখছি না।'

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল নিয়ে নাফিস বলেন, 'সাউথ আফ্রিকা সিরিজের সিলেকশন যখন হবে, তখন নির্বাচকরা যখন দল ঘোষণা করবেন, তখন কোন ক্রিকেটার থাকবেন বা কোন ক্রিকেটার থাকবেন না, সেটা সম্পর্কে আমরা জানতে পারব।'

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৯ অক্টোবর থেকে।