বিকল্প হিসেবে সুযোগ পেয়েই অধিনায়ক সাইফ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। প্রাথমিক দলে না থাকলেও শেষ মুহূর্তে বিকল্প হিসেবে এসে দলের নেতৃত্বের ভার পেয়েছেন এই ডানহাতি ওপেনার।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স। আট দলের এই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ ‘এ’, ভারত ‘এ’, পাকিস্তান শাহিনস, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও হংকং। এবারের আসরটি অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ওয়ানডে সংস্করণে।

সাইফে নেতৃত্বাধীন ১৫ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এর আগে গত ৩ নভেম্বর টুর্নামেন্টের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। সেখান থেকে বাদ পড়েছেন জাকির হাসান, এস এম মেহেরব হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া নাঈম শেখ জাতীয় দলে সুযোগ পেয়েছেন এবং মাহমুদুল হাসান জয় চোটে ভুগছেন। প্রাথমিক দলে না থাকলেও মূলত নাঈমের পরিবর্তেই পরে ডাক পান সাইফ। শেষ পর্যন্ত তার কাঁধেই উঠেছে নেতৃত্বের দায়িত্ব।

১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। দোহার ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে উদ্বোধনী দিনের এই ম্যাচ। এরপর ২১ নভেম্বর ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান ‘এ’-এর মুখোমুখি হবে সাইফের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ নভেম্বর একই ভেন্যুতে শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ২৯ নভেম্বর ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

সর্বশেষ সর্বাধিক পঠিত