রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুনরায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গতকাল সোমবার সকাল ৮টার দিকে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী পুলিশের আবেদন মঞ্জুর করেন।
গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় ১৪ আগস্ট তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। গত ২৪ আগস্ট রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এর পর নিউ মার্কেট থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুই
মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ সেপ্টেম্বর আদালত রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় তার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এদিকে গত ৩ সেপ্টেম্বর রাতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা।