মৌসুম জুড়ে চড়া দেশের ইলিশের বাজার। ঊর্ধ্বমুখী ইলিশের দামের পালে হাওয়া লেগেছে ভারতে রপ্তানির ঘোষণায়। গত পরশু ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির ঘোষণার পর গতকাল সোমবার দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মাছ কিনতে আসা ক্রেতারা।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা আহসান উল্লাহ। বড় স্টেশন মাছবাজারে ঘুরে ঘুরে ইলিশ মাছ দেখছেন। কিন্তু দাম শোনার পর মলিন হচ্ছে হাসিমাখা মুখ। চাঁদপুর জেলার মানুষ হয়েও স্বাচ্ছন্দ্যে ইলিশ কিনতে না পেরে হতাশ আহসান উল্লাহ বলেন, এ বছর জানুয়ারি মাসের দিকে দুটি ইলিশ মাছ কিনেছিলাম। ভেবেছি ইলিশের মৌসুমে কম দামে মাছ কিনতে পারব। কিন্তু তা আর হলো কই? এমনিতেই মাছের দাম বেশি, তার ওপর ভারতে রপ্তানি শুরু হওয়ায় ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে।
ফেনী থেকে ইলিশ কিনতে আসা সোহেল হোসেন বলেন, অনেক আশা করে ইলিশ কিনতে চাঁদপুরে এসেছি। কিন্তু যেই দাম, তাতে করে সাধ্যের মধ্যে নেই। একটা মাছ কিনে নিয়ে যাচ্ছি।
ব্যবসায়ীরা বলেন, বাজারে দুদিন আগেও এক কেজি ওজনের ইলিশ বিক্রি হতো ১ হাজার ৭০০ টাকা দরে। তবে আজকের বাজারে ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৮৫০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় পদ্মা মেঘনা নদীর ইলিশের চাহিদা বেশি থাকলেও সরবরাহ অনেক কম। অধিকাংশ মাছই আসছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। সেসব ইলিশ কেজিতে ১০০ থেকে ২০০ টাকা কমে বিক্রি করা হয়।