সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান রেসিং চালুর জন্য খ্যাতি অর্জনকারী পরিবহন মন্ত্রী ঈশ্বরণ তাঁর বিরুদ্ধে আনা ঘুষ নেওয়ার অভিযোগে স্বীকার করেছেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে এই প্রথম কোনো মন্ত্রী দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম বিবিসি।
সিঙ্গাপুর সরকারি কর্মকর্তা ও রাজনীতিবীদদের দুর্নীতিতে জড়িত থাকার ঘটনা খুবই বিরল। ৬২ বছর বয়সী সুব্রামানিয়াম ঈশ্বরাণের দুর্নীতির খবর দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি করে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সাবেক পরিবহনমন্ত্রী এস ঈশ্বরণের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তবে সেগুলো প্রত্যাহার করে নেওয়ার পর তিনি ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করে নেন।
এর আগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগের বাতিল করে সুপ্রিম কোর্ট। কৌঁসুলিরা পাঁচটি অভিযোগ নিয়ে কাজ করেন। যার মধ্যে একটি ছিল 'বিচারিক প্রক্রিয়ায় বাধা দেওয়া' এবং বাকি চারটি ছিল দুইজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়ার বিষয়ে। ঈশ্বরণ (৬২) পাঁচ অভিযোগেই দায় স্বীকার করেছেন।
বিবিসি জানিয়েছে, ৪ লাখ ৩ হাজার ডলার মূল্যের বিভিন্ন উৎকোচ গ্রহণ করেছিলেন ঈশ্বরণ। এর মধ্যে ছিল হোটেল খচর, বিমানের টিকিট, গ্রান্ড প্রিক্স টিকিটসহ আরও কিছু উপহার। গত জানুয়ারিতে এসব অভিযোগ ওঠার পরপরই পদত্যাগ করেন তিনি।