নতুন মোবাইল কিনে ‘ট্রিট’ না দেওয়ায় বন্ধুকে খুন

নতুন মোবাইল কেনায় খাওয়ানোর দাবি জানায় বন্ধুরা। কিন্তু ‘ট্রিট’ না দেওয়াই কাল হল কিশোরের। বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে ভারতের দিল্লিতে সচিমন নামে এক কিশোর। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির শকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ছেলেটি এবং তার এক বন্ধুকে নিয়ে নতুন স্মার্টফোন কিনে বাড়ি ফিরছিল। এসময় পথে আরও ৩ বন্ধুর সঙ্গে দেখা হয়। তারা নতুন মোবাইল কেনা উপলক্ষে সচিমনের কাছে ট্রিট দাবি করে। কিন্তু সচিমন তাদের দাবি প্রত্যাখ্যান করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এক বন্ধু সচিমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর থেকেই এলাকাছাড়া তিন অভিযুক্ত। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন জনকে শনাক্ত করেন তদন্তকারীরা। তার পর তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

ডিসিপি ইস্ট অপূর্ব গুপ্তা বলেন, একদল ছেলে কিশোরকে ছুরিকাঘাত করে। নিহতের পিঠে দুইবার ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।