টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন আনচেলত্তি

লা লিগা ইতিহাসের প্রথম কোচ হিসেবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন কার্লো আনচেলত্তি। মঙ্গলবার রাতে আলাভেসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়ে তিনি এই রেকর্ড গড়েন। অবশ্য ৮৫ এবং ৮৬ মিনিটে দুই গোল পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা তৈরি করেছিল আলাভেস। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের বেশির ভাগ সময় রিয়ালই আধিপত্য বিস্তার করে খেলেছে। প্রথম মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন ভাসকেজ। ২২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৪০তম মিনিটে জুড বেলিংহামের সঙ্গে ওয়ান-টু খেলে চলতি লিগে নিজের পঞ্চম গোলটি করে ফেলেন ফরাসি তারকা।

বিরতির পরই ৪৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রদ্রিগো। তখন মনে হচ্ছিল রিয়াল সহজ জয় পেতে যাচ্ছে। কিন্তু রিয়ালের বাজে রক্ষণের সুযোগে ৮৫ মিনিটে গোল করে বসেন আলাভেসের মিডফিল্ডার কার্লোস ভেনাভিয়েজ। পরের মিনিটে তাঁর পাস থেকে গোল করেন এনরিক গার্সিয়া। শেষ পর্যন্ত অবশ্য পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের মাধ্যমে রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমায়েক্সার টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলেন আনচেলত্তি। পাশাপাশি রিয়াল কোচ হিসেবে ৩০০তম ম্যাচের মাইলফলকও ছুঁয়েছেন। মিগুয়েল মুনোজের পর রিয়ালের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে তিনি এই মাইলফলকের দেখা পেলেন। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। শীর্ষে বার্সেলোনা।