১৪ ম্যাচ আর ৩৪৮ দিন পর হারল অস্ট্রেলিয়া

টানা ১৪ ম্যাচ পর অবশেষে ওয়ানডেতে হার মানল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২৩ সালের ১৬ অক্টোবর থেকে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডেতে এটা তাদের দ্বিতীয় টানা জয়ের রেকর্ড। ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড সেঞ্চুরিতে অজিদের বৃষ্টি আইনে ৪৬ রানে হারিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। এই হারের পরও সিরিজে অজিরা এগিয়ে ২-১ ব্যবধানে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারের পর অপরাজেয় হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া। ভারতকে তাদের মাটিতে হারিয়ে ৬ষ্ঠবারের মতো জিতেছিল বিশ্বকাপ শিরোপা। এরপর টানা ১৪ ম্যাচ আর ৩৪৮ দিন পর থামল তাদের জয়রথ। ওয়ানডেতে একটানা জয়ের বিশ্বরেকর্ডটা অবশ্য অস্ট্রেলিয়ারই দখলে। ২০০৩ সালে এই ফরম্যাটে টানা ২১ ম্যাচ জিতেছিল রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনদের অস্ট্রেলিয়া।

চেস্টার লিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারির ব্যাটে ৭ উইকেটে ৩০৪ রান তোলে অস্ট্রেলিয়া। স্মিথ ৬০ আর ক্যারি ৭৭ রান করেন। এছাড়া ক্যামেরন গ্রিন ৪২, ম্যাক্সওয়েল ২৫ বলে ৩০ আর অ্যারন হার্ডি শেষদিকে ২৬ বলে ৪৪ রানের ক্যামিও উপহার দেন। বল হাতে ৬৭ রানে ২ উইকেট নেন ইংলিশ পেস তারকা জোফরা আর্চার।

জবাবে ১১ রানে ২ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি ব্রুকের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ও উইল জ্যাকসের ব্যাটে ভর করে ৩৭.৪ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান ওঠে। ২০ বলে ৩৩ করা লিয়াম লিভিংস্টোনও ক্রিজে জমে গিয়েছিলেন। এরপর বৃষ্টি নামলে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ লুইস মেথডে ইংল্যান্ডকে ৪৬ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

জস বাটলারের জায়গায় নেতৃত্ব দিতে এসে ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন ব্রুক। তার বয়স ছিল ২৫ বছর ২১৫ দিন। তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি স্যার অ্যালিস্টার কুকের রেকর্ড, যিনি ২৬ বছর ১৯০ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। আজ ব্রুক খেলেছেন ৯৪ বলে ১১০ রানের ইনিংস। আর জ্যাক্সের ব্যাট থেকে এসেছে ৮২ বলে ৮৪ রান।