গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পরে পুকুর থেকে খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৫ সেপ্টেম্বর) এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার নগর সুন্দরদী গ্রামের বাসিন্দারা।
বুধবার দুপুরে মুকসুদপুর কলেজ মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে মুকসুদপুর থানার সামনে হাতে হাত রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে তারা। এসময় অভিযুক্ত নাজমুল হক ঠাকুর বাদলের ফাঁসির দাবি জানায় বিক্ষুব্ধ জনতা।
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে মুকসুদপুর পৌরসভার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। খুরশিদা আক্তার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নগর সুন্দরদী গ্রামের খুরশিদা আক্তার হত্যার প্রতিবাদে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।