বরিশাল নগরীর একটি ড্রেন থেকে স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরের বটতলা বাজার এলাকার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) এইচএম সজল।
নিহতের নাম মোহাম্মদ মোমিন মিয়া (৩২)। তিনি নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে ও ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।
উপপরিদর্শক (এসআই) এইচএম সজল বলেন, মঙ্গলবার রাতে বাসা থেকে বের হন মোমিন। পরে সকালে নগরীর বটতলা বাজার সংলগ্ন আব্দুর হামিদ মিয়া সড়কের ড্রেনের ভেতর তার মরদেহ ভাসছিল। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘মোমিন মাদকাসক্ত ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে ড্রেনে পড়ে যান তিনি। পরে হয়ত আর উঠতে পারেনি।’
অপরদিকে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মোমিন। যদি প্রতিবেদনে হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে বলে জানিয়েছেন নিহতের ভাই যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না।