ফাগুন মাসে আগুন ঝলক কৌশানীর!  

ভরা আশ্বিনে ফাগুনের ছোঁয়া নিয়ে হাজির হয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। কলকাতার ছ্যাঁচরাপুর গ্রামে গিয়ে শরীরী বিভঙ্গে হিল্লোল তুললেন অভিনেত্রী। পরিচালক সাবধান করলেন, আর যা-ই করো, পিরিতে পড়ো না। পরনে লাল শাড়ি, খোলা চুল, চোখে যে আবেগের ঘনঘটা। ভরা মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে পা মেলাচ্ছেন অভিনেত্রী।

ঝিমলি রূপে জীবনের প্রথম আইটেম গানে নাচ কৌশানীর। প্রস্তুতির সময় যে খুব পেয়েছেন তেমন নয়। মাত্র আট ঘণ্টায় পুরো গানের শুটিং সেরেছেন। তবু সন্তুষ্ট নন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়!

‘শিমুল পলাশ’ এর পর এবার প্রকাশ্যে এল ‘বহুরূপী’ সিনেমার দ্বিতীয় গান ‘ডাকাতিয়া বাঁশি’। এই গানের মাধ্যমেই প্রথমবার আইটেম গানে নাচলেন কৌশানী। ছবির ফার্স্ট লুকেই নজর কাড়েন তিনি। একেবারে গ্রাম্য মেয়ের চেহারা, সারল্যে ভরা। তবু তার মধ্যে রয়েছে বিচক্ষণতা।

মূলধারার বাণিজ্যিক ছবির নায়িকারা এই মুহূর্তে নিজেরাই আইটেম নম্বরে নাচছেন, এই প্রচলন বহু বছরের। সম্প্রতি বলিউডে তামান্না ভাটিয়া ‘আজ কি রাত’ গানটি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জনপ্রিয় হয়েছে। প্রশংসা কুড়িয়েছে তামান্নার নাচ। সেই প্রসঙ্গে কৌশানী বলেন, ‘আমি আশা করব আমার ‘ডাকাতিয়া বাঁশি’ গানটাও ততটাই ভাইরাল হবে। এবার পূজায় মণ্ডপের সকলে মিলে নাচবেন, সেই আশা করছি।’

গান নিয়ে আশা যেমন রয়েছে, তেমন আক্ষেপও রয়েছে অভিনেত্রীর। কারণ, প্রস্তুতির জন্য খুব একটা সময় পাননি। পেলে আরও ভাল হতে পারত। অভিনেত্রীর কথায়, ‘আসলে আগে আমি জানতাম না নাচটা করতে হবে। মাত্র সপ্তাহখানেক সময় পেয়েছিলাম। শুটিংয়ের ফাঁকে পুরো নাচটা তুলেছি, আর শুটিংটা করতে সময় লেগেছিল আট ঘণ্টা। একটা গোটা দিনও নয়। তবে নন্দিতাদি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই দেখানো হয়েছে ঝিমলিকে।’ 

আসছে পূজায় মুক্তি পাচ্ছে ‘বহুরূপী’। এতে কৌশানী ছাড়াও রয়েছেন আবীর মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী প্রমুখ।