মোবাইল কিনে ‘ট্রিট’ না দেওয়ায় কুপিয়ে হত্যা ৩ বন্ধুর

নতুন মোবাইল কিনেছিল কিশোর। তাই তার কাছে খাওয়ানোর দাবি জানায় অন্য বন্ধুরা। কিন্তু ‘ট্রিট’ না দেওয়াই কাল হলো কিশোরের। বন্ধুদের ছুরির কোপে প্রাণ গেল তার। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির শকরপুর এলাকায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় সচিমন নামে বছর ১৬-এর এক কিশোর নতুন মোবাইল কিনে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। তাদের পথ আটকায় অন্য তিন কিশোর। নতুন মোবাইল কেনার আনন্দে সচিনের থেকে ‘ট্রিট’ চায় তারা। কিন্তু সচিন রাজি না হওয়ায়, রাস্তার মাঝেই ঝগড়ায় জড়িয়ে পড়ে বন্ধুরা।

ঝামেলা থামাতে ছুটে আসেন স্থানীয়রা। তবে আচমকাই এক কিশোর সচিনকে লক্ষ্য করে ছুরি চালায়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় টহলদারির সময় রাস্তায় রক্তের দাগ দেখতে পান পুলিশ সদস্যরা। তখন স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ছুরিকাঘাতের ঘটনার কথা। পরে হাসপাতাল থেকে সচিনের মৃত্যুর খবর পায় পুলিশ। 

ঘটনার পর থেকেই এলাকাছাড়া ছিল তিন অভিযুক্ত। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে শনাক্ত করে তদন্তকারীরা। তার পর তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অবশেষে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার করা হয়েছে খুনের অস্ত্রও।