সুদানে কলেরার প্রাদুর্ভাবে ৪৭৩ জনের মৃত্যু

যুদ্ধবিধ্বস্ত দেশ দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরার প্রকোপ দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে কলেরায় অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজারে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এরই মধ্যে দেশটির কর্তৃপক্ষ কলেরাকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে কলেরার প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৩-এ দাঁড়িয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত সারা দেশে, মোট ১৪ হাজার ৯৪৪ জন কলেরা আক্রান্ত হয়েছে। 

চলতি বছরের জুন মাস থেকে সুদানে বন্যার প্রকোপ শুরু হয়। তারপর থেকেই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে থাকা কলেরা। কোনোভাবেই কলেরা নিয়ন্ত্রণ করতে না পেরে গত ১২ আগস্ট সুদানি কর্তৃপক্ষ কলেরাকে মহামারি হিসেবে ঘোষণা করে।