পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার আশ্বাস দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রে সহায়তা করবে তার দেশ। 

নিউইয়র্ক স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈঠক করেন। অধ্যাপক ইউনূস বতর্মানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে রয়েছেন।

দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করে অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘আমরা ভালো অংশীদার হতে চাই। আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করব।’

অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ইউনূসের প্রতি ‘অপরিসীম’ শ্রদ্ধা রয়েছে এবং দেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি ।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে এবং তিনি বিশ্বব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা চেয়েছেন।