কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন।
ওই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘শুক্র-শনি দুই দিন নারীদের ওপর হামলাকারীদের সন্ধান দিন। পোস্টটির কমেন্টে গিয়ে তিনি আরও লিখেছেন, জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা বা ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।’
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে হামলা করেছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। এ সময় পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নয়, দেশজুড়েই এ হামলা চালানো হয়।