টাইগার রবি অসুস্থ হয়ে পড়েছিলেন, দাবি এনডিটিভির

কানপুর টেস্টের প্রথম দিনেই এক বাংলাদেশি সমর্থককে মারধরের অভিযোগ উঠেছিল। বাংলাদেশ এবং ভারতের শীর্ষ পর্যায়ের গণমাধ্যমগুলোতেও এই খবর প্রকাশ হয়েছে। সেইসঙ্গে ছড়িয়ে পড়ে রবিকে পাঁজাকোলা করে নিয়ে যাওয়ার বেশ কিছু ছবি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিকে কেউ মারেনি। তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।

আজ শুক্রবার ম্যাচের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে। এ সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। শুরুতে জানা গিয়েছিল যে, সেখানে কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছিল। গণমাধ্যমকে পাঁজরে আঘাত লাগার কথাও জানিয়েছিলেন রবি। পুলিশ তৎক্ষণাৎ সিসিটিভি ফুটেজ দেখে আসল ঘটনা জানার চেষ্টা শুরু করে। এর কিছুসময় পরই রবির বক্তব্য বদলে গেল।

ভারতের এনডিটিভি অনলাইন রবির একটি বক্তব্য তুলে ধরেছে। যাতে তিনি বলেছেন, ‘আমি অসুস্থ বোধ করছিলাম এবং পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন আমি ভালো অনুভব করছি। আমার নাম রবি এবং আমি বাংলাদেশ থেকে এসেছি।’

এদিকে কানপুরের সহকারী পুলিশ কমিশনার অভিষেক পান্ডে বলেছেন, ‘টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে একজন বাংলাদেশি দর্শক অসু্থ বোধ করছিলেন। কর্তব্যরত পুলিশরা তাকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যায়। তিনি এখন ভালো আছেন এবং তাকে সহায়তা করার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে তার সাথে রাখা হয়েছে। তাকে শারিরীক হেনস্থা করার কিছু প্রতিবেদন দেখেছি গণমাধ্যমে, কিন্তু এমন কিছুই ঘটেনি।’