কানপুর টেস্টে বানর তাড়াতে লেঙ্গুর ভাড়া করল আয়োজকেরা

কানপুরের গ্রিন পার্কে পুরনো এক উপদ্রবের নাম বানর। অতীতে এই মাঠে বানরের খাবার চুরি করে পালানোর ঘটনা দেখা গেছে। চলতি সিরিজের মাঝে বাংলাদেশ ও ভারতীয় দলের অনুশীলনের সময় মাঠে বানর প্রবেশ করে। খেলার সময় এই উৎপাত থামাতে এবার আগে থেকেই লেঙুর এবং তাদের পালককে ভাড়া করেছে টেস্টের আয়োজক উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)।

স্টেডিয়ামের গ্যালারিসংলগ্ন অনেকগুলো উঁচু গাছ আছে। সেগুলো বেয়ে মাঠে ঢুকে পড়ে ক্ষুধার্ত বানররা। ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘ভারত সমাচার’ –এর পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ ও ভারতীয় দলের অনুশীলনের সময় বেশ কয়েকটি ক্ষুধার্ত বানর একটি গ্যালারির ছাউনির ওপর দিয়ে ছোটাছুটি করছে। একটি বানরকে কলা খেতেও দেখা যায়। এ সময় একজন মাঠকর্মী তাড়া দিলে বানরগুলো পালিয়ে যায়।

ম্যাচ চলাকালীন সময়ে যাতে এই ঘটনা না ঘটে, তাই আগে থেকেই উদ্যোগ নিয়েছে আয়োজকেরা। বানর তাড়াতে লেঙুর ও তার মালিক ভাড়া করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এর আগে ২০২১ সালে ভারত–নিউজিল্যান্ড টেস্ট এবং ২০১৭ সালে ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচেও তাদের ভাড়া করা হয়েছিল! এ কারণেই হয়তো আজ ম্যাচের দিন বানরের উপদ্রব দেখা যায়নি।

এ ব্যাপারে ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বানরদের আতঙ্ক থেকে বাঁচতে আমরা লেঙ্গুর নিয়ে এসেছি।’