যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এটিই প্রথম অধিবেশন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নারী-শিশুসহ অন্তত ৪১ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পযন্ত কয়েক’শ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু হওয়া সংঘাত এখন আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে উঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রতিনিধিকে অধিবেশন হল ত্যাগ করতে দেখা যায়। এছাড়া নেতানিয়াহু মঞ্চে ওঠার সময় বিদ্রুপ শোনা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিতে এলে অনেক প্রতিনিধি প্রতিবাদে ওয়াকআউট করেন।
ওয়াকআউট সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতে বলেন, আমি এই বছর এখানে আসতে চাইনি। আমার দেশ যুদ্ধে লিপ্ত, জীবনের জন্য লড়াই করছে। কিন্তু যখন আমি এই মঞ্চে বক্তাদের অনেকের দ্বারা আমার দেশের বিরুদ্ধে আনা মিথ্যা এবং অপবাদ শুনেছি, তখন আমি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি এবং রেকর্ড গড়তে ঠিক করেছি।
তিনি বলেন, ‘সত্য হলো, ইসরায়েল শান্তি চায়। ইসরায়েল শান্তি চায়। ইসরায়েল শান্তি স্থাপন করেছে এবং আবার শান্তি স্থাপন করবে।’
সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে, নেতানিয়াহুর বক্তব্য শুরুর পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে। বার্তাসংস্থা আনাদোলো জানিয়েছে, প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন।