ধন সম্পদের ক্ষেত্রে যদি সমতা প্রতিষ্ঠা করা না হয় তাহলে শুধু ভোটাধিকার দিয়ে তেমন কিছুরই পরিবর্তন ঘটানো যায় না বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
তিনি বলেন, গত ১৫ বছর আপনারা ঠিক মতো ভোট দিতে পারেন নাই, তা সত্য। আপনাদের কাছে সেটাই মনে হবে দেশের বড় সমস্যা। কিন্তু তার পেছনে অনেক সমস্যা রয়েছে। ভোট দিয়ে অনেক কিছুই হচ্ছে না। অনেক কিছু ভোটের আওতায় বাইরে চলে যাচ্ছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা পাঠাগারে সাহিত্য আন্দোলন “ধাবমান”-এর উদ্যোগে আয়োজিত গণতান্ত্রিক বিপ্লবে জাতীয় সংবিধানের রূপরেখা শীর্ষক আলোচনা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ড. সলিমুল্লাহ বলেন, আমাদের মূল দাবি হবে সবার জন্য সমান অধিকার। প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে হবে। ধন সম্পদের ক্ষেত্রে যদি সমতা প্রতিষ্ঠা করা না হয় তাহলে শুধু ভোটাধিকার দিয়ে তেমন কিছুরই পরিবর্তন ঘটানো যায় না। আমরা সমাজেও তাই দেখতে পাই। বড় লোকেরা শুধু নির্বাচিত হতে পারে। আর গরীবদের কাজ শুধু এই পক্ষকে ভোট দেওয়া নয়তো অন্য পক্ষকে ভোট দেওয়া। গণতন্ত্রের ধারণাকে যদি ভোটের অধিকার থেকে সরিয়ে আনি তাহলে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। সর্বশেষ যে আন্দোলন হলো সেটাও গণতন্ত্রের একটি উদাহরণ।
