ব্র্যাডম্যানকে ছুঁলেন কামিন্দু

শ্রীলঙ্কার তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিসের ক্যারিয়ারে বসন্ত চলছে। ব্যাট হাতে ধারাবাহিকতার চূড়ান্তটাই দেখিয়ে যাচ্ছেন তিনি। টেস্ট অভিষেক থেকে টানা ৮ ম্যাচের প্রতিটিতে ন্যূনতম একটি ফিফটি করে গতকালই বিশ্ব রেকর্ড করেছেন। এবার সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে বসলেন স্যার ডন ব্র্যাডম্যানের পাশে। সঙ্গে ৭৫ বছরের ইতিহাসে ব্র্যাডম্যানের সঙ্গে টেস্টে দ্রুততম হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।

 অভিষেকের পর ব্র্যাডম্যানের ৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১৩ ইনিংস, কামিন্দুরও লেগেছে সমান সংখ্যক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলিরও প্রথম ৫ টেস্ট সেঞ্চুরি করতে ১৩ ইনিংস লেগেছিল। টেস্ট ইতিহাসের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পঞ্চম সেঞ্চুরির মালিক হয়েছেন কামিন্দু।

ইনিংসের হিসাবে টেস্ট অভিষেকের পর দ্রুততম ৫ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লুজ’-এর অন্যতম স্যার এভারটন উইকসের। প্রয়াত এই মহাতারকা ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরি করেছিলেন ১০ ইনিংসে। দ্বিতীয় স্থানে যৌথভাবে আছেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও অস্ট্রেলিয়ার নিল হার্ভি। দুজনেরই প্রথম ৫ টেস্ট সেঞ্চুরি করতে লেগেছিল ১২ ইনিংস। অবশ্য টেস্ট ক্যারিয়ারের প্রথম ১৩ ইনিংসে সেঞ্চুরির সংখ্যায় কামিন্দু ছাপিয়ে যেতে পারেননি একজনকে। এখানে এগিয়ে রয়েছেন নিল হার্ভি। অভিষেকের প্রথম ১৩ ইনিংসে ৬ বার তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি।

তবে কামিন্দুর সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করার। কিন্তু ২৫ বছর বয়সী এই ব্যাটারের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হলো না দল ইনিংস ঘোষণা করায়! নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৬০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। কাল ম্যাচের দ্বিতীয় দিনে ১৪৭ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। এরপর ২২৭ বলে তিনি দেড়শর কোটা স্পর্শ করেন। দারুণ ব্যাটিংয়ে মেন্ডিস ছুটছিলেন ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু তাকে থামতে হয় ১৮ রান আগেই।