সুনামগঞ্জের বিশ্বম্ভরপু উপজেলায় হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বম্ভপুরের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাধানগর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো. আরফাত তাজ (৫) ও একই গ্রামের ফজলুল ইসলামের ছেলে ইউনুস মিয়া (৫) উভয় সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।
জানা যায়, আরফাত ও ইউনুস প্রতিদিনের মতো আজকেও বাড়ির আঙিনায় খেলা করছিল। কিন্তু হঠাৎ দুই পরিবারের সদস্য তাদের বাড়ির পাশে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে এক পর্যায়ে দুইজনের মরদেহ বাড়ির পাশে করচার হাওরের পানিতে ভেসে উঠে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, পরিবারের অজান্তে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।