ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ হয়েছেন ভোলার মনপুরা উপজেলার যুবক ফরহাদ (২৪)। বাড়ি ফেরার উদ্দেশে বাসস্ট্যান্ডে যাওয়ার পর তাঁর মুঠোফোন বন্ধ হয়ে যায়। দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের পূর্ব পাশের এলাকা থেকে নিখোঁজ হন ফরহাদ। ওই এলাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
নিখোঁজ ফরহাদ ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মো. মিরাজের ছেলে। ঢাকায় একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন তিনি।
ফরহাদের বড় ভাই মো. সাত্তার জানান, রবিবার নোয়াখালী হয়ে মনপুরায় বাড়ি ফেরার উদ্দেশে ঢাকা থেকে রওনা হন তার ভাই। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু রওনা দেওয়ার প্রায় এক ঘণ্টা পর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ফরহাদের সন্ধান পাননি। দুই দিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, ফরহাদের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।