ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে থেকেও অতিরিক্ত ৭ মিনিটে গোল হজম করে কপাল পুড়েছিল আর্সেনালের। আর আজ লিস্টার সিটির বিপক্ষে সমতায় থেকে সেই ৭ মিনিটেই দুই গোল করে পেয়েছে জয়ের দেখা। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হামজা চৌধুরীর দলকে ৪-২ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
খেলার ২০ মিনিটেই গেব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল করে দলকে এগিয়ে নেন লিওনার্দো ট্রসার্ড।
বিরতি থেকে ফিরেই এক গোল শোধ করে ফেলে লিস্টার সিটি। জেমস জাস্টিনের গোলে ৪৭ মিনিটে ব্যবধান কমায় তারা। ৬৩ মিনিটে দলকে সমতায় ফেরান জাস্টিন।
খেলার নির্ধারিত সময় যখন শেষ তখন অতিরিক্ত সময় দেওয়া হয় ৭ মিনিট। ঐ সময় উইলফ্রেড নিড্ডির আত্মঘাতি গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। গানার্সদের হয়ে শেষ গোলটি করেন কাই হেভারটজ।