মক্তব থেকে বাড়ি ফিরছিল ৫ শিশু, ওপর দিয়ে উঠে গেল মাইক্রোবাস

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ শিশু নিহত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলো— হানিফ মন্ডলের মেয়ে মিম (১১), পালন সরদারের দুই মেয়ে মারিয়া (১২), সুমাইয়া তানজিলা (১১), হেলাল উদ্দিননের মেয়ে যুথী (১২) এবং আনারুল ইসলামেরে ফাতেমা (১০)।

স্থানীয় বাসিন্দা খোকন জানান, প্রতিদিনের মতো আজও এই শিশুগুলো স্থানীয় কুঠিপাড়া জামে মসজিদে কোরআন শরীফ পড়তে যায়। পড়া শেষে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে কুষ্টিয়াগামী কালো রঙের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুগুলোর ওপর দিয়ে উঠিয়ে দেয়। এরপর মাইক্রোবাসটি পার্শ্ববর্তী জলাশয়ে পড়ে যায়। 

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

কুঠিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক জানান, প্রতিদিন ফজরের নামাজ শেষে এলাকার অনেক শিশু কোরআন শরীফ পড়তে আসে। নিহত শিশুগুলোর বাড়ি একই পাড়ায় হওয়ায় ওরা কয়জন একসাথে আসা যাওয়া করে। আজও পড়া শেষে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এমন মৃত্যু আগে কখনো দেখিনি, এ মৃত্যু মেনে নেয়ার মতো নয়।

এদিকে সকাল থেকেই এলাকাবাসী কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রাস্তার দুই প্রান্তে শত শত গাড়ি আটকে আছে। বিক্ষোভকারীরা ঘটনার বিচার দাবি জানাচ্ছেন।

পরিস্থিতি শান্ত করতে খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত হয়ে নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। 

তিনি বলেন, মাসুম বাচ্চাদের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। 

নিহতদের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ আন-নুর যায়েদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যান চলাচলের জন্য পুলিশ কাজ করছে।