হাসান নাসরাল্লাহর মৃত্যু

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের

মধ্যপ্রাচ্যজুড়ে ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন মোকাবেলার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ। এরপর শনিবার এই আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি গতকাল শনিবার নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে এক চিঠিতে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানান। একদিন আগে, ইহুদিবাদী বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের ওপর তীব্র বিমান হামলা চালায়।

লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধের মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। লেবাননে গত কয়েকদিনের ইসরায়েলি হামলায় ৭০০’র বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ৫৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েলের এই লাগামহীন আগ্রাসনকে ইরাভানি "যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ" বলে নিন্দা করেন। তিনি বলেন, ইসরায়েলের সন্ত্রাসী আগ্রাসন এবং লেবানন ও সমগ্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টিকারী দখলদারদের ক্রমাগত নৃশংসতা মোকাবেলার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এই নির্লজ্জ আগ্রাসন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে; পুরো অঞ্চলকে সর্বাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।