সিলেটে বজ্রপাতে কলেজছাত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) জেলার বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন— বিশ্বনাথের দশঘর সারইল গ্রামের ওলিউর রহমানের ছেলে সিলেট এমসি কলেজের ছাত্র রেদওয়ান আহমদ (১৯), কোম্পানীগঞ্জের রাজনগর গ্রামের কুনু মিয়ার ছেলে মাসুক আহমদ (৪০) ও সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের আনসার আলী (৬৫)।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, রেদওয়ান ও তার ভাই সুফিয়ান বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে রেদওয়ান নিহত ও তার ভাই সুফিয়ান আহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আনসার আলী বাড়ির পাশের পুকুরপাড়ে বজ্রপাতে নিহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ আদনান জানান, রবিবার সকাল ১০টার দিকে রাজনগর স্কুলের পাশের মাঠে বজ্রপাতে মারা গেছেন মাসুক আহমদ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।