ব্যবসায়ীকে পিটিয়ে ২০ লাখ টাকা লুটের অভিযোগ

চট্টগ্রাম নগরে মোহাম্মদ শাহাজাহান ওরফে আকাশ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে তার হেফাজত থাকা প্রায় ২০ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বায়েজিদ থানাধীন কুঞ্জুছায়া নিজ কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর স্বজন নজরুল ইসলামের দাবি, অস্ত্র নিয়ে গত রবিবার মধ্যরাতে শাহজাহানের কারখানার ভেতর ঢুকে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় স্থানীয় অপরাধ চক্র বার্মাইয়া সাইফুল বাহিনীর ২০/২৫জন সদস্য। লোহার রড দিয়ে শাহজাহানকে পেটানো হয়। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান পুলিশ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় শাহজাহান ওরফে আকাশকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। হামলাকারী গ্রুপটি ভয়ংকর। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে হামলায় সাইফুলের ভাই বার্মাইয়া সবুজ, ফাহিম ও হানিফ, সোর্স সাগর, এমরানসহ আরো কয়েকজন জড়িত বলে দাবি নজরুল ইসলামের। গত ৫ আগস্ট শাহজাহান ওরফে আকাশের কারখানা ও ইলেকট্রনিকস শোরুম থেকে প্রায় কোটি টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা।