দিনদুপুরে থানার পেছনে ‘ছিনতাইয়ে’র শিকার রিকশা যাত্রী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

চট্টগ্রামে দিনদুপুরে থানার পেছনে রিকশার পথরোধ করে অজ্ঞাত এক যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দুজন ‘ছিনতাইকারী’। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পেছনে সতীশ বাবু লেইনে এঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ঠিক কবে কখন ঘটেছে তা জানা যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানা জানি হয়। 

ঘটনাস্থলের পাশে একটি ভবন থেকে মোবাইলে ধারণ করা ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নীল রঙের ফুলহাতা শার্ট, জিন্স প্যান্ট পরা এবং কালো প্যান্ট ও সাদা টি-শার্ট পরা দুই যুবক ছুরি নিয়ে দুইদিক থেকে এক রিকশাআরোহীর পকেট থেকে জোরপূর্বক টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ঘটনার শিকার হওয়া ব্যক্তি প্রাণভয়ে ‘দিচ্ছি দিচ্ছি’বলতেও শোনা যায়। এ সময় রিকশাচালক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন। অদূরে এক তরুণকে ঘটনা প্রত্যক্ষ করতে দেখা গেলেও ছিনতাইকারীদের প্রতিরোধে আশপাশের কেউ এগিয়ে আসেননি।

এবিষয়ে জানতে শনিবার সকাল সাড়ে ১১টায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূরের  মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পরবর্তীতে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সকাল ৮টায় ডিউটিতে এসেছি। সতীশ বাবু লেইনে ছিনতাইয়ের বিষয়ে আমি কিছু জানি না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত