চার চিকিৎসকের বিরুদ্ধে চার্জ গঠন

শিশু রাইফা হত্যা মামলার বিচার কাজ শুরু

অভিযুক্ত চার চিকিৎসকের বিরূদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে সাংবাদিক রুবেল খানের কন্যা রাফিদা খান রাইফা’র হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার মামলার চার আসামির বিরূদ্ধে চার্জ গঠন করেন। 

২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রাইফা। এই মৃত্যুর জন্য হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিকে দায়ী করেন বাবা রুবেল খান। পরবর্তীতে রাইফার মৃত্যুর ঘটনায় হাসপাতালটির চার ডাক্তারকে আসামি করে থানায় মামলা করা হলেও প্রায় সাড়ে ৬ বছর তদন্ত কার্যক্রম ঝুলিয়ে রাখে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা।

গত ২৫ মার্চ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো অব ইন্টেলিজেন্স (পিবিআই) চার ডাক্তারকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দেয়। ১২ মে আদালত চার্জশিট গ্রহণ করে। চার্জশিটের আসামিরা হলেন- ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্র দেব ও হাসপাতালের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খান।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এম এ ফয়েজ দেশ রূপান্তরকে বলেন, আইন অনুযায়ী চার আসামির বিরূদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এখন মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সন্তোষ প্রকাশ:  শিশু রাইফা হত্যা মামলায় আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করায় সন্তুষ্টি প্রকাশ করেছে সিইউজে। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আদালত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, এ ঘটনায় যথাসময়ে মামলা দায়ের করা হলেও তদন্তকারী সংস্থাগুলো তদন্ত প্রতিবেদন দিতে দীর্ঘ দিন গড়িমসি করে এবং তদন্ত কার্যক্রম ভিন্ন খাতে নিয়ে যাবার অপচেষ্টা চলে। এ নিয়ে সিইউজে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালনের পর গত ২৫ মার্চ পিবিআই মামলায় চার চিকিৎসককে অভিযুক্ত করে চার্জশিট দেয়।