সাম্প্রদায়িক কর্মকাণ্ডের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বিদ্বেষমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মেহজাবিনের সঞ্চালনায় অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলন সকল জাতিগোষ্ঠী ও মতাদর্শের মানুষেরা অংশগ্রহণ করেছে। কিন্তু ফ্যাসিবাদের পতনের পর হিন্দু ধর্মালম্বীদের ওপর আক্রমণ হচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ সুন্দর আগামীর দিকে এগিয়ে যেতে পারবে না। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষক শ্রেষ্টা হালদারের সঙ্গে অবিচার হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সারাদেশে যদি মব জাস্টিসের মাধ্যমে বিচার হতে থাকে তাহলে রাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে পড়বে।’

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘জাতি-বর্ণ নির্বিশেষে সকলের আন্দোলনে শহীদদের রক্তের ওপর দিয়ে ফ্যাসিবাদের পতন করে এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। সারাদেশে মাজারে ও হিন্দু ধর্মালম্বীদের উপসনালয়ে হামলা হচ্ছে, শিক্ষকদের ওপর নিপীড়ন নেমে এসেছে। এই ঘৃণা, বিদ্বেষ,মব জাস্টিস আমরা নতুন বাংলাদেশে চলতে দেব না।’