পূর্ব এশিয়ার দেশ চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের একটি ওয়ালমার্ট সুপার মার্কেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সেখানে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে।
গতকাল সোমবার রাতে শহরের দক্ষিণ-পশ্চিমে ঘনবসতিপূর্ণ জেলা সংজিয়াং-এর একটি শপিং মলে এই ঘটনা ঘটে। এলাকাটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ছুরিকাঘাতের ঘটনায় ঘটনাস্থল থেকে লিন নামের ৩৭ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে চীনা পুলিশ।
ওই ব্যক্তি অর্থনৈতিক বিরোধের জেরে তার রাগ প্রকাশ করতে সাংহাই এসেছিল বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে যে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যায়। বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং জীবন-মৃত্যুর হুমকিতে নেই বলেও জানানো হয়েছে।
লুডু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল প্লাজায় অবস্থিত সুপারমার্কেটটি ঘটনার পরের দিন মঙ্গলবার অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে খোলা রাখা হয়েছিল।
চীনে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হলেও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে ছুরি হামলার ঘটনা ঘটেছে। গত মাসেও, দক্ষিণ চীনে স্কুলের কাছেই ১০ বছর বয়সী এক জাপানি ছাত্র ছুরিকাঘাতের একদিন পরে মারা যায়। এতে করে দেশটিতে বসবাসরত জাপানিদের মনে আতঙ্ক দেখা দিয়েছে।