‘পাকিস্তানের অধিনায়ক বসে আছেন, একটু সম্মান দিন’

বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও নেতৃত্ব টিকে গেছে শান মাসুদের। কিন্তু নিয়মিত সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে বিব্রত হতে হলো পাকিস্তানের টেস্ট অধিনায়ককে। শেষ পর্যন্ত তাকে সম্মান জানানোর অনুরোধ করেন মিডিয়া ম্যানেজার।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শান মাসুদ জানান, নির্বাচকরা যতদিন তার ওপর আস্থা রাখবেন, ততদিন তিনি অধিনায়কত্ব চালিয়ে যাবেন। সেই কথার রেশ ধরে তাকে এক সাংবাদিক বলে বসেন, ‘নির্বাচকরা না হয় আস্থা রাখলেন। তবে কখনও কি নিজের বিবেকে লাগে না? মনে হয় না যে, ব্যর্থ হচ্ছি যখন ছেড়ে দেই?’

সংশ্লিষ্ট সাংবাদিকের এই প্রশ্নে স্বাভাবিকভাবেই বিব্রতবোধ করেন মাসুদ। এসময় দলের মিডিয়া ম্যানেজার সামিউল হাসান উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘একটা আন্তরিক অনুরোধ, পাকিস্তানের অধিনায়ক বসে আছেন। আপনারা প্রশ্ন করতেই পারেন। তবে দয়া করে যোগ্য সম্মান দিন। পাকিস্তানের অধিনায়ককে এভাবে প্রশ্ন করা ঠিক নয়।’

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে মাঠে নামবে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট ১৫ অক্টোবর থেকে ও তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর থেকে। সিরিজের প্রথম ২টি টেস্ট অনুষ্ঠিত হবে মুলতানে। তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে, যেখানে তারা বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছিল।