সিরিয়ার দামেস্কে ইসরায়েলি হামলায় উপস্থাপকসহ নিহত ৩

গাজা, লেবানন, ইয়েমেনের পাশাপাশি সিরিয়াতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় তিনজন বেসামরিক নিহত এবং নয়জন আহত হয়েছে।

সামরিক সূত্রের বরাতে মঙ্গলবার সকালে এ খবর জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিরিয়ান আরব নিউজ এজেন্সি (SANA) জানিয়েছে যে দামেস্কে ইসরায়েলি হামলায় তাদের একজন উপস্থাপক নিহত হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সিরিয়ার রাজধানী লক্ষ্য করে “ইসরায়েলি আগ্রাসনে” তাদের টেলিভিশনের উপস্থাপক সাফা আহমেদ নিহত হয়েছেন।

পরে এক বিবৃতিতে সিরিয়ার সামরিক সূত্রটি জানায়, “স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইসরায়েলি বাহিনী দামেস্ক শহরের বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে দখলকৃত সিরিয়ান গোলানের দিক থেকে সামরিক বিমান এবং ড্রোনের মাধ্যমে বিমান হামলা চালায়।“

এ সময় বিমান প্রতিরক্ষা বাহিনী হামলার জবাব দেয় এবং ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সিরিয়ায় হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়া দেশটির প্রতিরক্ষা ও সামরিক মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি।