এক যুগ আগের ঘটনায় রিমান্ডে সাবেক এমপি জ্যাকব

এক যুগ আগে সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম জামিনের আবেদন নাকচ করে দিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। 

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম সাইফুল ইসলামের আদালতে নাজিম উদ্দিন এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

মামলায় বলা হয়, গত ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়। তারা লাঠিপেটা করে ও গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শটগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন।