হাদি হত্যা মামলা: প্রতিবেদন দাখিলে ফের সময়

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন দিতে আরও সময় পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ মামলার প্রতিবেদনের জমা ধার্যের দিনে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৯ এপ্রিল নতুন তারিখ ঘোষণা করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

এ নিয়ে এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১ বারের মতো পেছাল।

গত ৬ জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এতে প্রধান আসামি করা হয় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে।

গত ১৫ জানুয়ারি এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজী দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের। এর পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। অভিযোগপত্রভুক্ত ছয় আসামি এখনও পলাতক। অপর ১১ আসামি কারাগারে আছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করে।

গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত