নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক উভয়পক্ষের শুনানি শেষে এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। তিনি বলেন, আদালত উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগকারীর কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, পাকবন্ধু বলে মন্তব্য করেন। পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
এ ঘটনায় নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব তারেক রহমানকে আসামি করে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় মামলা করেন। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
অ্যাডভোকেট এবিএম জাকারিয়া আরও বলেন, মামলার বাদী যুবলীগ নেতা মিথ্যা মামলা করেছে। মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।