নগরে কাশি, অ্যান্টিবায়োটিক ও ডায়াবেটিস রোগীর মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বিশেষায়িত একটি হাসপাতালের ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১ অক্টোবর) প্রবর্তক এলাকায় শেভরন হাসপাতালের দ্বিতীয় ও ষষ্ঠ তলায় থাকা দুটি ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, নগরের পাঁচলাইশ এলাকায় শেভরন হাসপাতালের দ্বিতীয় তলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গে একই প্যাকেটে রাখা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই ফার্মেসিকে মূল্য বেশি নেওয়ার অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শেভরন হাসপাতালের ষষ্ঠ তলায় ফার্মেসিতেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।
এর পরিপ্রেক্ষিতে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান।