ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহসহ লেবানন এবং ফিলিস্তিনের জনগণকে হত্যার জবাবে ইসরায়েলে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও। দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।
ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নাগরিকদের নিরাপদ জায়গায় (সেফ রুম) আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান একশ’র মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে চলমান পরিস্থিতি ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বাইডেন বলেন, 'এসব হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।'