বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চ-িকা হাথুরুসিংহে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন। সিরিজ শেষে কানপুরে সংবাদ সম্মেলনে তিনি ভারতের ব্যাটিং পরিকল্পনার প্রশংসা করেন, তবে তার দল দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেনি বলে আক্ষেপ করেন।
ভারতের আক্রমণাত্মক কৌশল
বিশেষ করে আমাদের পারফরম্যান্স বিবেচনায় এই হার অনেক কষ্টের। ভারতের কৌশল সত্যিই আগে দেখা যায়নি। রোহিত এবং পুরো ভারতীয় দলকে কৃতিত্ব দিতে হবে, তারা এমন একটি কৌশল নিয়ে এসেছিল যা খেলাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতের এই অ্যাপ্রোচের দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারিনি আমরা।
ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশা
এই সিরিজে আমাদের ব্যাটিং খুবই হতাশাজনক। আগের সিরিজে কিছু খেলোয়াড় ভালো করেছে, তবে সাম্প্রতিক কয়েকটি সিরিজে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এর একটি কারণ হলো প্রতিপক্ষের মান। এই সিরিজে প্রতিপক্ষের স্কিল লেভেল ছিল অনেক উঁচু। আমরা এ থেকে অনেক কিছু শিখছি। ভারতীয় দল এই মুহূর্তে সেরা দল এবং ভারতের মাটিতে তাদের বিপক্ষে খেলা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। আমরা জানি আমাদের কতটা উন্নতি করতে হবে।
পাকিস্তানের বিপক্ষে জয় এবং ভারতের চ্যালেঞ্জ
আমরা পাকিস্তানকে হারিয়ে এলেও জানতাম যে ভারতে চ্যালেঞ্জটা অনেক কঠিন হবে। আমাদের অনুভূতির সঙ্গে পারফরম্যান্সকে মেলানো ঠিক হবে না। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আমরা নিজেদের নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হইনি, তাই এই ফলাফলের পরও খুব বেশি হতাশ হওয়া উচিত নয়। আমরা জানি পাকিস্তানে কীভাবে ভালো খেলেছি এবং এখানে এই দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কী করতে পারিনি তা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি।
পঞ্চম দিনের কৌশল
আমরা বাঁচার চেষ্টা করিনি, বরং কন্ডিশন অনুযায়ী খেলতে চেয়েছি। কেউ যদি মনে করে যে তার ডিফেন্স ভালো, তবে সেই শটেই খেলুক। তবে আমাদের সমস্যা ছিল কিছু শটের ভুল এক্সিকিউশন। মুমিনুলের মতো কেউ ভালোভাবে সুইপ করতে পেরেছে, কিন্তু অনেকেই সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।
টেস্ট সিরিজের মূল্যায়ন
এই সিরিজে আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি। আমি দক্ষতার স্তরের পার্থক্য দেখেছি, তাই আমাদের উন্নতি করতে হবে। এটা বলার অপেক্ষা রাখে না যে, আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে পারিনি। এতে আমরা হতাশ। আমরা যদি সঠিক ব্যাকআপ না পাই তবে প্রত্যেক খেলোয়াড় এবং মাঠে তাদের প্রতিটি সিদ্ধান্তের ওপর চাপ দেওয়ার কোনো অর্থ নেই।
শুধু এই দলই নয়, আমাদের নিচের স্তরেও উন্নতি করতে হবে। আমাদের একটি শক্তিশালী ভিত্তি বা কাঠামো ছাড়া ভালো পারফরম্যান্সের আশা করতে পারি না। আমি শেষবার ২০১৭ সালে যখন এখানে এসেছিলাম তখনকার ভারতের দলের চেয়ে অনেক উন্নতি দেখেছি। আমরাও উন্নতি করেছি, তবে ভারত অন্য স্তরে চলে গেছে। এটা শুধু তাদের প্রথম একাদশ নয়, তাদের দলে জায়গা পাওয়ার জন্যও প্রতিযোগিতা আছে। তাদের সিস্টেম এবং সুযোগ-সুবিধাগুলো ব্যাপক উন্নত হয়েছে। এটাই আমরা শিখছি
বোলারদের পারফরম্যান্স
আমাদের ফাস্ট বোলাররা সাধারণত তখনই ভালো করে যখন কন্ডিশন আমাদের পক্ষে থাকে। তবে এই ম্যাচে কন্ডিশন ভিন্ন ছিল। ভারতের আক্রমণাত্মক কৌশল আমাদের সেরা পারফরম্যান্স দিতে দেয়নি। আমাদের এটা থেকে দ্রুত শিখতে হবে এবং প্রতিক্রিয়া জানাতে হবে। এখন আমরা জানি, কীভাবে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে।
সাকিব কি শেষ টেস্ট সিরিজ খেলল?
আমি এখন পর্যন্ত কিছু শুনিনি যে এটা সাকিবের শেষ সিরিজ। যতদূর আমি জানি, ও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবে। আমরা সবাই বিস্মিত হয়েছি যখন ও জানাল যে, দক্ষিণ আফ্রিকা তার শেষ সিরিজ। সাকিবের মতো খেলোয়াড়ের বিকল্প সরাসরি খুঁজে পাওয়া সম্ভব নয়।