চট্টগ্রামের বাঁশখালীর কয়লা বিদ্যুৎ প্রকল্পে (এসএস পাওয়ারপ্লান্ট) আলোচিত জোড়া খুনের প্রধান আসামি হামিদুর রহমান প্রকাশ কালুকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ।
তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে সোমবার রাতে কালুকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকার করে জবানবন্দি প্রদান করেন কালু।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর এস এস পাওয়ার প্লান্টের সহকারী সিকিউরিটি অফিসার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সরওয়ার আলম (৫১) এবং সিকিউরিটি রাশেদ জাওয়ারদার (২৫) ছুরিকাঘাতে নিহত হন। পরে এ ঘটনায় বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।