আফ্রিকা থেকে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা জিবুতির উপকূলে লোহিত সাগরে ডুবে গেছে। এ ঘটনায় ৪৫ জন নিহত হয়েছে এবং কয়েক ডজন অভিবাসী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
ডুবে যাওয়ার আগে নৌকাগুলো ইয়েমেন থেকে ৩১০ জনকে নিয়ে রওনা হয়েছিল বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে আইওএম জানিয়েছে যে, ‘এ পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে জিবুতির রাষ্ট্রীয় জরুরি পরিষেবাগুলোকে সহায়তা করছে তারা।‘
এদিকে জিবুতির উপকূলরক্ষীরা জানিয়েছে যে, সোমবার ভোর থেকে একটি যৌথ উদ্ধার কার্যক্রম চলছে, ১১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং কয়েক ডজন এখনও নিখোঁজ রয়েছে।
তারা আরও জানায় যে, জিবুতির উত্তর-পশ্চিম খোর আঙ্গার অঞ্চলের কাছে একটি সমুদ্রতীর থেকে মাত্র ১৫০ মিটার (৪৯২ ফুট) দূরে ডুবে যায়। নিখোঁজ অভিবাসীদের খুঁজে বের করতে এবং জীবিতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে জিবুতির উপকূলরক্ষীরা।
এর আগে গত এপ্রিলে একই পথে যাওয়ার সময় জিবুতির উপকূলে অভিবাসী নৌকা ডুবে যাওয়ায় শিশুসহ কমপক্ষে ৩৮ জন মারা গিয়েছিল। এরপরে জুন মাসেও একই স্থানে কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়। এসব অভিবাসীর বেশিরভাগই ইথিওপিয়া এবং সোমালিয়ার ছিল।