পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকাডুবে অন্তত ৩৫ মারা গেছেন। রবিবার (৮ নভেম্বর) দেশটির জরুরি উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
বাসস জানায়, আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার বিপজ্জনক আটলান্টিক মহাসাগরীয় পথে এটি সর্বশেষ নৌকাডুবির ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এই পথে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক বিবৃতিতে বলা হয়, নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয় বলেও জানানো হয়।
পরে রবিবার সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) জানায়, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার ও বন্ধুত্ব সংস্থা অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ (এডিএইচএ) এএফপিকে দেওয়া এক বিবৃতিতে এ সংখ্যা নিশ্চিত করে।এ ছাড়া এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
রবিবার রাতে জরুরি উদ্ধারকর্মীরা জানান, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন একজন। তাদের ভাষ্য, এটি একটি প্রাথমিক হিসাব। শুক্রবার থেকে হতাহতের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিরোগ বা ছোট সমতল তলাবিশিষ্ট নৌকাটি শনিবার ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে উল্টে যায়। তবে সেনেগালের প্রধান অভিবাসী সহায়তা সংগঠন বোজা ফিইয়ের প্রতিষ্ঠাতা সালিউ দিউফ এএফপিকে জানিয়েছেন,শুক্রবার (৬ নভেম্বর) নৌকাডুবির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতদের সবার জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার উদ্ধার করা মরদেহগুলোর সবাই সেনেগালের নাগরিক।
অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের কর্তৃপক্ষ শনিবার (৭ নভেম্বর) জরুরি অবস্থা ঘোষণা করেছে।
দ্বীপটির কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।
সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কোর কর্তৃপক্ষ নৌকাগুলোর যাত্রাস্থলের আশপাশে সমুদ্রপথে টহল জোরদার করেছে। এর ফলে ছোট নৌকাগুলোকে আরও দক্ষিণে গাম্বিয়া, গিনি-বিসাউ ও গিনির উপকূলের দিকে সরে যেতে হচ্ছে। এতে আগে থেকেই বিপজ্জনক এই সমুদ্রযাত্রার সময় ও দূরত্ব আরও বেড়ে যাচ্ছে।