ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলি ভূখণ্ডে মঙ্গলবার ১৮০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান।

ইসরায়েলের বিরুদ্ধে এমনি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ বাঘেরি বলেন, "যদি ইহুদিবাদী শাসককে নিয়ন্ত্রণ না করা হয়, ইসরায়েল এই ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযান আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং আমরা তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবো।"

ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য এটি একটি সতর্কবার্তা জানিয়ে বুধবার তিনি বলেন, "আমাদের ক্ষমতা ছিল ইসরায়েলি সরকারের অর্থনৈতিক অবকাঠামো আক্রমণ করার, কিন্তু আমরা শুধুমাত্র সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করেছি।"

ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

বাঘেরি বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং আইআরজিসির সিনিয়র কমান্ডার আব্বাস নীলফরৌশানের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে।

ইরানের শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের সিনিয়র কমান্ডার নীলফরৌশান লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধানের সাথে নিহত হন। 

এদিকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর চরম মাশুল দিতে হবে।‘