আন্দোলনে হামলা করা তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন,  সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো: শাহীন খান ও সদস্য সোহেল।

জানা গেছে, গত ৪ আগস্ট পল্লবী থানাধীন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন মো: ইমরান। অভিযোগ উঠেছে, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বিচারে গুলি ছোড়ে যার একপর্যায়ে গুলিবিদ্ধ হয় ইমরান। এ সময় আন্দোলনকারীরা তাকে ক্লিনিকে নিয়ে গেলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের ভয়ে চিকিৎসা না দিলে তাকে ডা: আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।