ভারতে বাংলাদেশি নারী ধর্ষণ-হত্যা, বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • ভারতে বাংলাদেশি নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ
  • শনিবার বিকেল ৩টায় ঢাবি রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে। এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

এছাড়া ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেইজে পোস্ট করেও এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে, বাংলাদেশি ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ আবিষ্কার করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।

পুলিশ আরও জানিয়েছে, নিহত নারী বিবাহিত ছিলেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।

স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহত নারীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে তার স্বামী সুমন বৈধভাবে গত ছয় বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। তিনি সেখানে সিটি করপোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন।

পুলিশ জানিয়েছে যে, ‘২৩ জানুয়ারি ওই নারী তাঁর সহকর্মীকে বলেছিলেন যে তাঁর কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। তাই কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হতে পারে।  কিন্তু এরপর অনেক রাত পর্যন্ত তরুণী বাড়ি না ফেরায় সেই রাতেই রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্বামী।’

এদিকে ঘটনার খবর পাওয়ার পর পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, শুক্রবার সকালে ১১২ নম্বরে কল পেয়ে আমরা একটি পরিত্যক্ত স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস অপরাধ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত